মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে পিছিয়ে পড়া পরিবারের কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে নতুন স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী মোবারকপুর, দমদমা কালিগঞ্জ ও শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১০৮ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস প্রদান করেন জেলা প্রশাসক, শেরপুর।
জানা যায়, বিদ্যালয়গুলো পরিদর্শনের সময় জেলা প্রশাসক জানতে পারেন, পিছিয়ে পড়া পরিবারের অনেক শিক্ষার্থীর স্কুল ড্রেস নেই। বিষয়টি নজরে আসার পর শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেওয়া হয়।
নতুন পোশাক হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও আনন্দ। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং আত্মবিশ্বাস বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ ও উৎসুক আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে।
শুধু শিক্ষা ও খেলাধুলাই নয়, শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে গড়ে তুলতেও উদ্যোগ নেওয়া হয়েছে। সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরতে দমদমা কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাঠবাদাম, সোনালু ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর না রেখে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সামাজিক মূল্যবোধ ও পরিবেশবান্ধব মানসিকতায় গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের কল্যাণে এমন মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।