শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে সরকারি সেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে দেখতে গোসাইপুর ইউনিয়ন ভূমি অফিস ও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রথমে গোসাইপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন তিনি। পরে বালিয়াচন্ডি আবদুল আজিজ পাবলিক উচ্চ বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এরপর কোনো পূর্বঘোষণা ছাড়াই ৩১ নং বালিয়াচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান ইউএনও। এ সময় বিদ্যালয়ের পরিবেশ, পাঠদান কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিসহ সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে ইউএনও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং সরকারি সেবা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ইউএনওর এমন সরেজমিন ও আকস্মিক পরিদর্শনে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নিয়মিত তদারকির মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে আরও জবাবদিহিতা ও গতি আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।