হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
সরকারি কাজের অগ্রগতি পর্যালোচনা, সেবার মানোন্নয়ন ও টেকসই উন্নয়নে গতিশীলতা আনার লক্ষ্যে নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান আটপাড়া উপজেলা পরিদর্শন করেছেন।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী এ পরিদর্শকালে তিনি উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা পরিষদ পরিদর্শন করেন। সফরসূচির অংশ হিসেবে তিনি উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজনদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি বেকার যুবকদের জীবনমান উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে জনকল্যাণমূলক সহায়তার অংশ হিসেবে উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পল্লী সঞ্চয় ব্যাংকের অধীনে পরিচালিত ‘গ্রাম উন্নয়ন সমিতি’র কার্যক্রম, স্থানীয় ‘উপজেলা প্রশাসন বিদ্যানিকেতন’ এবং এলাকাধীন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এছাড়া পরিবেশ সুরক্ষার পাশাপাশি সবুজায়নের প্রতি গুরুত্বারোপ করে তিনি উপজেলা চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
সফরসূচির শেষ পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের আওতায় একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, উপজেলা পর্যায়ের সরকারি অফিসগুলোর কাজের গতি বৃদ্ধি, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের দোড়গোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই এ পরিদর্শনের প্রধান লক্ষ্য। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।