মোঃ মুনজুর আলম, স্টাফ রিপোর্টার:
অপার আনন্দ, উদ্দীপ্ত উৎসাহ এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের এক অভূতপূর্ব মিলনমেলার মধ্য দিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো খুলনা জেলার বটিয়াঘাটা ৫ নং ভান্ডারকোট বি.এল.জে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন-২০২৬।
গত মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে এই বনভোজনের যাত্রা শুরু হয়। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আকর্ষণীয় বিভিন্ন খেলাধুলা, র্যাফেল ড্র এবং সুস্বাদু প্রীতিভোজ। সম্পূর্ণ আয়োজনটি যেন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে মেলবন্ধনের এক আনন্দময় স্মৃতি তৈরি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির গতিশীল সভাপতি, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ বাশির উদ্দিন আকুঞ্জি। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে লেখাপড়ার পাশাপাশি এমন সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যকার সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় ও গভীর করে।
এলাকার গরিব, দুস্থ ও অসহায় মানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিত জনাব মোঃ বাশির উদ্দিন আকুঞ্জি একজন অত্যন্ত মহৎ ও উঁচুমাপের ব্যক্তিত্ব। ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক এই সফল সভাপতি এবং বর্তমানে বড় হাজরাবাদ জামে মসজিদের দায়িত্বশীল সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে ছায়ার মতো পাশে রয়েছেন। সমাজসেবায় আত্মনিয়োগকারী এই নেতা ব্যক্ত করেন, আগামী দিনেও তিনি এলাকার প্রতিটি মানুষের পাশে সর্বাত্মকভাবে থাকবেন।
বিদ্যালয়ের ভবিষ্যতের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান নিয়ে তাঁর সুস্পষ্ট রূপরেখা তুলে ধরে সভাপতি মোঃ বাশির উদ্দিন আকুঞ্জি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমাদের ভান্ডারকোট ইউনিয়নকে একটি আধুনিক ও দৃষ্টান্তমূলক ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছাতে হলে শিক্ষার ভিত্তিকে মজবুত করতে হবে। আমি কথা দিচ্ছি, অত্র বি.এল.জে মাধ্যমিক বিদ্যালয়ের যত ধরনের উন্নয়নমূলক ও অবকাঠামোগত কাজ প্রয়োজন, ইনশাআল্লাহ আমি নিজ উদ্যোগে তা সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা করব। পাশাপাশি আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত ও যুগোপযোগী করতে শিক্ষক-অভিভাবক সকলকে একযোগে কাজ করতে হবে।
উক্ত বনভোজন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মচারীগণ, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রাক্তন শিক্ষকমণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। সারাদিনব্যাপী নানা আনন্দ-উচ্ছ্বাস শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে মনোজ্ঞ এই বার্ষিক বনভোজনের সমাপ্তি ঘটে।