গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার ৮নং ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আমিনুল ইসলাম ভূঁইয়া। ২৫ নভেম্বর বুধবার সকালে বুড়িচং উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
তিনি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশায় তাঁর এই মনোনয়ন ফরম সংগ্রহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আগ্রহের সৃষ্টি করেছে।
জনাব আমিনুল ইসলাম বাহাদুর ভূঁইয়া দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে জনসেবা ও স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছেন বলে জানা গেছে। তিনি সাধারণ মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে চান।মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। আগামী দিনে নির্বাচনী মাঠে তাঁর অবস্থান কেমন হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।