ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ১ নম্বর ধর্মগড় ইউনিয়নে বিসিআইসি সার ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ইউনিয়ন যুবদলের সভাপতি জামাল উদ্দিন। এ নিয়োগ প্রক্রিয়ায় তাঁর মালিকানাধীন জিসা ট্রেডার্সের নাম বাদ দিয়ে জামাল ট্রেডার্সকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ধর্মগড় ইউনিয়ন যুবদলের সভাপতি জামাল উদ্দিনের মালিকানাধীন জিসা ট্রেডার্সের পরিবর্তে ধর্মগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিনের প্রতিষ্ঠান জামাল ট্রেডার্সকে সার ডিলার নিয়োগের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. লায়লা আরজুমান বেগম বলেন, “বিধিমালা অনুযায়ী ফাইল পাঠানো হয়েছে।”
তবে কোন কোন যোগ্যতা ও শর্তের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিবেচনা করা হয়েছে, জিসা ট্রেডার্সের নাম বাদ দেওয়ার কারণ কী এবং চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত হয়েছে কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সার ডিলার নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়োগের শর্ত, আবেদনকারীদের যোগ্যতা যাচাই এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্পষ্ট করার দাবি উঠেছে।