লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় গরু বহনকারী নছিমন খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে।
আজ শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার রংপুর-বড়বাড়ি সড়কের ফকিরের তকেয়া বসুনিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একটি ট্রাক পেছন থেকে গরু বহনকারী নছিমনকে ধাক্কা দিলে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হক (বালাপাড়া, পঞ্চগ্রাম ইউনিয়ন) নিহত হন। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ইমদাদুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল ইসলাম জানান, ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।