হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেবাপ্রত্যাশীদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে সেবাপ্রত্যাশীদের কথা মনোযোগসহকারে শুনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক, ময়মনসিংহের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে আগত সেবাপ্রত্যাশীদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন শুনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এ সময় জটিল রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র সহযোগিতাপ্রার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুইজন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ ছাড়া গণশুনানিতে আগত সেবাপ্রত্যাশী ও সেবাগ্রহীতাদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল এবং বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
গণশুনানিতে সেবাপ্রত্যাশী, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার সরাসরি শুনানি, দ্রুত সমাধানের উদ্যোগ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম জনসেবায় জেলা প্রশাসনের মানবিক ভূমিকার প্রতিফলন ঘটিয়েছে।