মো. শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
জনস্বার্থে দালালবিরোধী ও অবৈধ পলিথিনবিরোধী পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার ১৭ আগস্ট শেরপুর সদর হাসপাতাল ও সদর উপজেলার কুসুমহাটি বাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
শেরপুর সদর হাসপাতালে দালাল রোধে পরিচালিত মোবাইল কোর্টে জনস্বাস্থ্য ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে একজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তি মোবাইল কোর্টে নিজের দোষ স্বীকার করে অনুতপ্ত হন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজার এলাকায় অবৈধ পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। অভিযানে শেরপুর পুলিশ লাইন্সের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এ সময় অবৈধ পলিথিন রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ৩১৩ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে দালাল, অবৈধ পলিথিনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।