কবি: তাকওয়া রহমান
চুপচাপ বসে আছি, কিছু করার নেই বলে,
বাতায়নের মৃদু হাওয়ায়, দেহ-মন দোলে।
মেঘে ঢাকা গগনে, এক ঝাঁক পাখি,
চা খেতে খেতে আমি, তাই চেয়ে দেখি।
বাতায়ন ধরে আজ, হঠাৎ এক শালিক,
দৃষ্টি দুটিতে তার, বিস্ময় অধিক।
আমার পানে তাকিয়ে, স্থির হয়ে বসে,
গুণগুণ সুরে আমি, বসি তার পাশে।
আমি কাছে যেতেই, উড়াল দেয় আকাশেতে,
বসে বসে তাই দেখি, অপলক দৃষ্টিতে।
হঠাৎ গর্জে ওঠে, আকাশের বুক,
বারিধারা নেমে আসে, ভিজে যায় মুখ।
হঠাৎ সেই শালিক, কাকভেজা হয়ে,
চুপ করে এসে বসে, বাতায়ন ধরে।
সাদা-কালো মেঘের মাঝে, আঁধার ঘনিয়ে আসে,
আবারও সে উড়ে যায়, ধূসর আকাশে।
আমি তখন পাতা নিয়ে, আঁকি দিবানিশি,
আজকের দিন যেন, হারিয়ে না বসি।
মাতাল হাওয়ায় মাতানো, প্রকৃতির এ রূপ,
রেখে দিলাম ডায়েরিতে, ছন্দ স্বরূপ।