স্টাফ রিপোর্টার, নীলফামারী:
তৃণমূল পর্যায়ে নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে নীলফামারীর ডিমলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।
সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর সফলভাবে আয়োজন, প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিভা বাছাই ও বিকাশের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। পাশাপাশি প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আফরোজা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আরিফুল ইসলাম লিটন, বিএনপি নেতা গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান বকুল, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক এবং ডালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হামিদুর রহমান।
এ ছাড়া সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।