লালমনিরহাট প্রতিনিধি:
তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে। সুন্দর সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে।
নতুন নতুন ভাবনা নিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধা কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে তিনি সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান এবং ক্যাম্পাস পরিদর্শন শেষে প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেন।
সফরসূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে তিনি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের মন্ডলেরহাটে মডেল খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের পর স্থানীয় এক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সাথে মতবিনিময় করবেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৪টায় একই বিমানে ঢাকার উদ্দেশ্যে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে তার।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো লালমনিরহাট জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। সকাল থেকেই কর্মসূচিস্থলগুলোতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে; মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে গোটা লালমনিরহাট জেলা।