মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি।
নীলফামারীতে ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং আগামী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF), নীলফামারী জেলা শাখার উদ্যোগে এক ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে শহরের আল হেলাল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আন্তাজুল ইসলাম, সভাপতি, আইবিডব্লিউএফ নীলফামারী জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি; অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শহর উপদেষ্টা, আইবিডব্লিউএফ নীলফামারী শহর শাখা এবং অধ্যাপক আবু হানিফা শাহ্, সদর উপদেষ্টা, আইবিডব্লিউএফ নীলফামারী সদর শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, সভাপতি, আইবিডব্লিউএফ নীলফামারী জেলা শাখা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা এবং স্থানীয় শিল্প-বাণিজ্যের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া বক্তারা আগামী ২২ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, এই নির্বাচন নীলফামারীর ব্যবসায়ী সমাজের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করবে। তাই সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ, যোগ্য, দক্ষ ও ব্যবসাবান্ধব নেতৃত্ব নির্বাচিত করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, একটি শক্তিশালী ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে নীলফামারীর ব্যবসা-বাণিজ্য আরও সমৃদ্ধ হবে এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় চেম্বার আরও কার্যকর ভূমিকা পালন করবে।
সমাবেশে জেলার বিভিন্ন ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও আইবিডব্লিউএফ-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।