পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) মেলা উপলক্ষে নেত্রকোণা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন, বন বিভাগ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষমেলা–২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক মোঃ নুরুজ্জামান (এডভোকেট), অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার এবং ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল কবির।
আলোচনা সভা ও উদ্বোধন শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক ও সভাপতি খন্দকার মুশফিকুর রহমান অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কালেক্টরেট মাঠে আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সার্বিক আয়োজনের খোঁজখবর নেন।
সবুজে ভরে উঠুক আমাদের চারপাশ—এমন প্রত্যাশায় বৃক্ষরোপণের মাধ্যমে সমৃদ্ধ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার আহ্বান জানান মেলায় আগত অতিথিরা।