হারাধন সূত্রধর, পর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নাগরিকদের দোরগোড়ায় সহজে ও দ্রুততম সময়ে ভূমিসেবা পৌঁছে দেওয়া, সেবার মানোন্নয়ন এবং আধুনিক ভূমি ব্যবস্থাপনায় অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ভূমিসেবায় নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দেওয়া কর্মকর্তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
রোববার (২৩ আগস্ট) দুপুরে, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকারি কর্মচারীদের নিষ্ঠা ও জবাবদিহিতা অত্যন্ত জরুরি। এ ধরনের স্বীকৃতি কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্পৃহা বৃদ্ধি করবে এবং সাধারণ মানুষকে সততার সঙ্গে সেবা প্রদানে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ভূমিসেবায় বিশেষ অবদান রেখে সম্মাননাপ্রাপ্তদের প্রতি আয়োজক ও উপস্থিত অতিথিবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ উদ্যোগ ভবিষ্যতে জেলায় আরও বেশি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও প্রযুক্তিভিত্তিক আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করা হয়।