• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবির রাধানগরে দীপাবলির মেলা বসেছে প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে কলেজছাত্রকে গণপিটুনি, ভিডিও ছড়িয়ে পড়ায় বিপাকে পরিবার চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত আরেকটি ককটেল ৯৯৯ নম্বরে ফোনকলে অভিযান: ১৭৩০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ কটিয়াদীতে সবুজের চাদরে ভরে উঠেছে আমনের মাঠ সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতে বেকারিকে অর্থদণ্ড শাহসুফি সৈয়দ নাছেরুল হক চিশতি (রহ.)-এর বর্ণাঢ্য জীবনী ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিংগাইরে পৌর স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ফাঁসির রায় মাথায় নিয়ে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করলেন শেখ হাসিনা

প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে কলেজছাত্রকে গণপিটুনি, ভিডিও ছড়িয়ে পড়ায় বিপাকে পরিবার

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর জলঢাকায় রাস্তার পাশে প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন আব্দুর রাজ্জাক (২৩) নামে এক কলেজছাত্র। পরে তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেন স্থানীয়রা। তবে পুলিশি তদন্তে তার বিরুদ্ধে চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরদিন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার পর স্বজনদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে এরই মধ্যে মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে বিপাকে পড়েছেন রাজ্জাক ও তার পরিবার। ভিডিওতে তাকে চোর হিসেবে উপস্থাপন করা হলেও পুলিশের তদন্তে চুরির অভিযোগের সত্যতা মেলেনি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঘটনাটি গত ৬ নভেম্বর জলঢাকা উপজেলার পশ্চিম কাঁঠালি পণ্ডিতপাড়া গ্রামে ঘটে। আব্দুর রাজ্জাক ডোমার উপজেলার পশ্চিম হরিণচড়া মিস্ত্রিপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। তিনি নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি নিজ এলাকার বাবুরডাঙ্গায় একটি মুদি দোকান পরিচালনা করেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজে সহযোগী ভ্যানচালক মো. সোলায়মানকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে ডোমার থেকে জলঢাকায় যান রাজ্জাক। সোলায়মান হরিণচড়া আঠিয়াবাড়ি এলাকার সাত্তার আলীর ছেলে।

কাজ শেষে বাড়ি ফেরার পথে পশ্চিম কাঁঠালি পণ্ডিতপাড়া এলাকায় পৌঁছালে রাজ্জাকের প্রস্রাবের চাপ আসে। তিনি সোলায়মানকে মোটরসাইকেলসহ সড়কের পাশে অপেক্ষা করতে বলে একটি বাড়ির পেছনে যান।

এ সময় ওই বাড়ির লোকজন তাকে সন্দেহজনক অবস্থায় দেখে চোর বলে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে রাজ্জাককে আটক করে মারধর শুরু করা হয়।

পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে সঙ্গে থাকা সোলায়মানও আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়দের ভিড় দেখে তিনি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। পরে রাজ্জাককে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

পুলিশ বিষয়টি খতিয়ে দেখে রাজ্জাকের বিরুদ্ধে চুরির অভিযোগের কোনো সত্যতা পায়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরদিন বিষয়টি নিয়ে আপস-মীমাংসা হয়। এরপর রাজ্জাককে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

তবে এর আগেই মারধর ও আটকের দৃশ্য ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন ব্যক্তি ভিডিওটি শেয়ার করে রাজ্জাককে চোর হিসেবে উল্লেখ করায় ক্ষুব্ধ ও বিব্রত তার পরিবার।

রাজ্জাক বলেন, আমি সোলায়মানের সঙ্গে জলঢাকায় গিয়েছিলাম। ফেরার পথে প্রস্রাবের চাপ আসায় রাস্তার পাশে গাড়ি থামিয়ে একটি বাড়ির পেছনে যাই। তখন স্থানীয়রা আমাকে চোর সন্দেহে ধরে মারধর করেন। পরে পুলিশ আমাকে নিয়ে যায়। তদন্তের পর চুরির অভিযোগের সত্যতা না পাওয়ায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু এর মধ্যে মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে আমাকে চোর হিসেবে দেখানো হচ্ছে। অথচ আমি সম্পূর্ণ নির্দোষ। এ কারণে আমি ও আমার পরিবার সামাজিকভাবে বিব্রতকর অবস্থায় পড়েছি।

রাজ্জাকের সঙ্গে থাকা সোলায়মান জানান, একটি কাজে রাজ্জাককে সঙ্গে নিয়ে তিনি জলঢাকায় গিয়েছিলেন। ফেরার পথে রাস্তার পাশে প্রস্রাব করার জন্য রাজ্জাক মোটরসাইকেল থামাতে বলেন।

সোলায়মান বলেন, রাজ্জাক প্রস্রাব করতে যাওয়ার কিছুক্ষণ পর পাশের বাড়ি থেকে চোর বলে চিৎকার শুনতে পাই। পরে অনেক মানুষ এসে তাকে ধরে মারধর শুরু করেন। পরিস্থিতি দেখে আমি ভয় পেয়ে যাই। আমাকে মারধর করা কিংবা মোটরসাইকেল ভাঙচুরের আশঙ্কায় সেখান থেকে চলে আসি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার কয়েক দিন আগে ওই এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটে। এ কারণে গ্রামবাসীর মধ্যে চোর-আতঙ্ক তৈরি হয়েছিল। সেই আতঙ্ক থেকেই রাজ্জাককে সন্দেহ করে স্থানীয়রা মারধর করেন বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শী সুমন ও রুবেল জানান, চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে এক যুবককে চোর সন্দেহে কয়েকজনের মারধরের শিকার হতে দেখেন। পরে জানতে পারেন, ওই যুবক চুরির উদ্দেশ্যে সেখানে যাননি; বরং প্রস্রাব করতে গিয়ে ভুল সন্দেহের শিকার হয়েছেন।

ইউপি সদস্য নন্দলাল রায় জানান, কিছুদিন আগে ওই এলাকায় টিউবওয়েলের পানিতে অচেতন করার ওষুধ মিশিয়ে কয়েকটি বাড়িতে চুরি হয়েছিল। এতে স্বর্ণালংকার, টাকা ও বিভিন্ন মালামাল খোয়া যায়। এসব ঘটনার পর থেকেই এলাকাবাসীর মধ্যে চুরির আতঙ্ক বিরাজ করছিল।

তিনি বলেন, চুরির ঘটনায় মানুষজন আতঙ্কিত ছিল। পরে ডোমারের এক যুবককে আটক করার খবর পাই। তবে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে শুনেছি।

হরিণচড়া ইউনিয়ন পরিষদের মো. রাসেল রানা বলেন, আব্দুর রাজ্জাক খুবই নম্র ও ভদ্র ছেলে। তার সঙ্গে যা ঘটেছে, তা দুঃখজনক। বিষয়টি জানার পর খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি, প্রকৃত ঘটনা না জেনেই তাকে আটক ও মারধর করা হয়েছিল। পরে যারা তাকে আটক করেছিলেন, তারাও বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম বলেন, চোর সন্দেহে ডোমারের এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। পরে বিভিন্নভাবে খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এ নিয়ে স্থানীয়ভাবে আপস-মীমাংসা করা হয়। গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই যুবককে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে পরিবারের দাবি, মারধরের ঘটনায় রাজ্জাক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে চোর হিসেবে উপস্থাপন করায় তিনি ও তার স্বজনেরা সামাজিক ও মানসিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd