মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোণা জেলা প্রতিনিধি:
‘করব সমবায়, গড়ব দেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নেত্রকোণায়ও নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
রবিবার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক অহিদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীজা খাতুন এবং জেলা সমবায় কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের সামগ্রিক সমৃদ্ধি অর্জন সম্ভব। এককভাবে যে কাজ করা কঠিন, সম্মিলিত উদ্যোগে সমবায়ের মাধ্যমে তা সহজেই বাস্তবায়ন করা যায়। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভর সমাজ গঠনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।