হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পূর্বধলা উপজেলার বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও ঠিকাদার আলহাজ্ব মো. সাখাওয়াত হোসেন খাঁন পলাশ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই তাৎপর্যপূর্ণ দিনে তিনি ৬ নম্বর পূর্বধলা সদর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক, মানবিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণের ভালোবাসা ও দাবির প্রেক্ষিতে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাখাওয়াত হোসেন খাঁন পলাশ। তিনি বলেন, জনগণের পাশে থেকে সেবা, স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
তাঁর অঙ্গীকারের মধ্যে রয়েছে—৯টি ওয়ার্ডে সুষম উন্নয়ন ও সরকারি বরাদ্দের ন্যায্য বণ্টন, ইউনিয়ন পরিষদের সেবায় স্বচ্ছতা নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, রাস্তার উন্নয়ন, যুবসমাজকে খেলাধুলা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা এবং নারী, শিশু, প্রবীণ ও অসচ্ছল মানুষের জন্য সামাজিক সহায়তা বৃদ্ধি করা।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাখাওয়াত হোসেন খাঁন পলাশ বলেন, “জনগণের ভালোবাসাই আমার শক্তি। পূর্বধলা সদর ইউনিয়নকে একটি সুন্দর, নিরাপদ, মাদকমুক্ত ও সমৃদ্ধ ইউনিয়নে রূপান্তর করতে আমি মানুষের পাশে থাকতে চাই।”
তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করেছেন।