স্টাফ রিপোর্টার, নীলফামারী:
নীলফামারীর ডিমলার একমাত্র মিনি স্টেডিয়ামটি এখন বিদ্যুৎহীন। উদ্বোধনের পর থেকে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বকেয়া দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার টাকার বেশি। বকেয়ার কারণে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি স্টেডিয়ামটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এতে খেলোয়াড়, দর্শক, কর্মকর্তা ও আয়োজকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
২০ সেপ্টেম্বর (রবিবার) সরেজমিনে দেখা যায়, ডিমলার খগাখড়িবাড়ী ইউনিয়নে অবস্থিত স্টেডিয়ামটিতে ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বৈদ্যুতিক সুবিধা বন্ধ হওয়ার পাশাপাশি ক্রীড়া আয়োজনের স্বাভাবিক ব্যবস্থাপনাও ব্যাহত হচ্ছে।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ চলাকালে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় ফ্যানসহ সব বৈদ্যুতিক সুবিধা বন্ধ। ফলে গরমের মধ্যে খেলোয়াড়দের পাশাপাশি দর্শক ও অতিথিরাও ভোগান্তিতে পড়েন। মাইকসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারেও সমস্যায় পড়েন আয়োজকরা। বিদ্যুৎ না থাকায় পানির মোটরও চালানো যাচ্ছে না।
দিনের আলোয় কোনোভাবে চললেও সন্ধ্যার পর পরিস্থিতি আরও কঠিন হয়। বিদ্যুতের আলো না থাকায় মাঠ, গ্যালারি ও প্রবেশপথ অন্ধকারে ডুবে যায়। স্থানীয়দের অভিযোগ, অন্ধকারের সুযোগে গ্যালারিতে মাদকসেবীদের আড্ডা বসে।
মিনি স্টেডিয়ামে খেলতে আসা খেলোয়াড় লিলি আক্তার বলেন, “বিদ্যুৎ না থাকায় গরমে ফ্যান চলে না, পানির মোটরও চলে না। দ্রুত সংযোগ চাই।”
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, “সন্ধ্যার পর আলো না থাকায় নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। দ্রুত আলোর ব্যবস্থা করা দরকার।”
এ বিষয়ে ডিমলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. মাসুদ আলম বলেন, “বকেয়া বিল পরিশোধের বিষয়ে জেলা পরিষদ ও ইউএনওকে চিঠি দেওয়া হয়েছিল। সরকারি রাজস্ব বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. ইমরানুজ্জামান বলেন, “ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বকেয়া পরিশোধ করে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ৫ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্টেডিয়ামটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয় ২০২২ সালের ২৯ নভেম্বর এবং উদ্বোধন হয় ২০২৩ সালের ১৬ নভেম্বর।