বিশ্বনাথ প্রতিনিধি:
পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনী দরসগাহ সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা থেকে এবছর দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’।
রবিবার (৩০ আগস্ট) বিকালে মাদ্রাসার কনফারেন্স হলরুমে মাদ্রাসা থেকে ২০২৬ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ২১ জন মেধাবী শিক্ষার্থীকে বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নস্থ ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পরিচালক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান সাহেবের পক্ষ থেকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের জনপ্রতি সম্মাননা ক্রেস্ট, খাতা ও কলম উপহার প্রদান করেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকুনী এর সভাপতিত্বে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (বাংলা) আলীনুর হোসেন বিপ্লব।
সোনাপুর চ্যারিটি গ্রুপ ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা আব্দুল মুকিত জুমান, হুসাইনিয়া ছাত্র সংসদের ভিপি লায়েক সোহাগ, চ্যারিটি গ্রুপের সদস্য মো. তারেকুল ইসলাম, লাহিন নাহিয়ান।
সংবর্ধিত শিক্ষার্থী হাফিজ ক্বারী আমিনুল ইসলামের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এসময় বক্তারা সোনাপুর চ্যারিটি গ্রুপের সামাজিক কার্যক্রম ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভূয়সী প্রশংসা করে চ্যারিটি গ্রুপের পরিচালক সোনাপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমানের এই পরিশ্রম, অর্থ ব্যয়, এলাকার উন্নয়নে অবদান রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের কার্যক্রম আরো বেগবান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য এখলাছ আহমদ, আলীমুর রহমান, জাহেদ আহমদ, কামরুল ইসলাম, হুসাইনিয়া ছাত্র সংসদের জিএস লায়েক আহমদ, এজিএস মোহাম্মদ গিয়াস উদ্দিন ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।