হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
কোমলমতি শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে এ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এ সময় থানার দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশে মোবাইল ফোন ব্যবহারের বিভিন্ন ক্ষতিকর দিক ও অপব্যবহারের কুফল তুলে ধরে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। পাশাপাশি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে পড়াশোনায় মনোযোগী হওয়া, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা এবং মোবাইল আসক্তির মতো ক্ষতিকর বিষয়গুলো থেকে দূরে থাকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে শৃঙ্খলা, সময়ের সঠিক ব্যবহার এবং পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। মোবাইল ফোন যেন তাদের শিক্ষাজীবন ও স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি না করে, সে বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক এ উদ্যোগের প্রশংসা করে শিক্ষকমণ্ডলী ও উপস্থিত সুধীজন বলেন, কোমলমতি শিশুদের সঠিক পথে পরিচালিত করা এবং তাদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে।