খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে অবস্থিত সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলনা আর্ট একাডেমি ৬ সেপ্টেম্বর ২০২৬ তার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় প্লে শ্রেণীতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে চকলেট ও কেক বিতরণ, ছবি আঁকা এবং সাধারণ জ্ঞানবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু শিল্পী আইজা, উপমা, মালিহা ও সমুদ্রসহ তাদের অভিভাবকেরা।২০০৩ সালে “নিশাত আর্ট কোচিং” নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ২০০৮ সালে এর নাম পরিবর্তন করে “খুলনা আর্ট একাডেমি” রাখা হয়। ২০১০ সাল থেকে চারুকলা ভর্তি কোচিং চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত হয়। এ পর্যন্ত এই প্রতিষ্ঠানের২৩০ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। তাঁদের অনেকে বর্তমানে বিভিন্ন বিদ্যালয়ে ড্রইং শিক্ষক হিসেবে কর্মরত। প্রতিষ্ঠাতা পরিচালক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, নানা প্রতিকূলতা ও আর্থিক সংকটের মধ্যেও শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকদের সহযোগিতায় প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়েছে। শিশুদের প্রতি ভালোবাসা থেকেই তিনি ভবিষ্যতেও প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে চান। পাশাপাশি পিতা-মাতা ও শিল্পগুরুদের স্মরণে প্রতিষ্ঠান পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি প্রতিষ্ঠানের সদস্য, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনা আর্ট একাডেমির উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রার জন্য খুলনাবাসীসহ দেশবাসীর কাছে শুভকামনা প্রত্যাশা করে সৃষ্টিকর্তাকে স্মরণ করে এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করা হয়।