মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উপজেলার জামপুর ইউনিয়নের উঠমা এলাকার একটি খেলার মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁ থানার সাদিপুর এলাকার মোঃ সুমন মিয়া (১৯) এবং মোড়গাপুর এলাকার মোঃ সিয়াম হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিরস্ত্র) মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
এ সময় তাঁদের কাছ থেকে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।