সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
জনগনকে ডিজিটাল ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দিতে এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে আগামী ১৯ মে থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপি “ভূমিসেবা মেলা-২০২৬”। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে ২১ মে পর্যন্ত।
রবিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে। ঢাকা বিভাগেও বিভাগীয় শহরসহ প্রতিটি জেলা ও উপজেলায় উৎসবমুখর পরিবেশে এই মেলা অনুষ্ঠিত হবে।
ডিজিটাল ভূমি সেবাকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করতে মেলা প্রাঙ্গণে সরাসরি বিভিন্ন সেবা দেওয়া হবে এবং ধারণা দেওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-মেলা প্রাঙ্গণেই ই-নামজারির আবেদন জমা দেওয়া যাবে। অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধে সরাসরি সহায়তা পাবেন সেবাগ্রহীতারা। খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ এবং ডিসিআর প্রাপ্তি সহজ করা হবে। ডিজিটাল মৌজা ম্যাপ সংগ্রহ সংক্রান্ত তথ্য ও সেবা। মেলায় সাধারণ মানুষের সুবিধার্থে সহজ ভাষায় লেখা ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেট বিতরণ করা হবে। ভূমি সেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ বা জিজ্ঞাসার জন্য জাতীয় হটলাইন ১৬১২২ সম্পর্কে মেলায় সচেতনতা তৈরি করা হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা সফল করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে সর্বস্তরের মানুষকে মেলায় এসে সেবা নেওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।