মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন মহোদয় এর দিক নির্দেশনা ও তত্ত্বাবধায়নে ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ গোলাম রসুল এর নেতৃত্বে।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্রেফতারসহ বিভিন্ন অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এসব অভিযান এটিএম গোলাম রসুল, অফিসার ইনচার্জ (ওসি), ডিবি, ঠাকুরগাঁও-এর নেতৃত্বে পরিচালিত হয়েছে।
ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা করা হয়েছে এবং এসব মামলায় ৫৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অস্ত্র ও গুলি উদ্ধার
বালিয়াডাঙ্গী থানাধীন বালিয়া পুকুর গ্রামের একটি কবরস্থান থেকে অভিযান চালিয়ে বিদেশি ৭ এমএম পিস্তল ১টি, ৭.৬৫ পিস্তল ১টি, ম্যাগাজিন ৪টি ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মাদক উদ্ধার
অভিযানগুলোতে ২৭ বোতল বিদেশি মদ, ৫০ বোতল ফেনসিডিল, ১ হাজার ৮০০ পিস ইয়াবা, ৩০০ পিস ট্যাপেনটাডল এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির ১ লাখ ৩২ হাজার টাকা জব্দ করা হয়।
ক্যাসিনো-সংক্রান্ত অভিযানে ১৫টি মোবাইল ফোন ও ৮৯টি সিম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২৮৪ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
প্রত্নসম্পদ ও অন্যান্য আলামত উদ্ধার
অভিযানে গোপাল ঠাকুরের ৬টি মূর্তি, ৫টি সাদা রঙের কয়েন এবং ১টি পিতলের কলস উদ্ধার করা হয়েছে।
শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে জেলার তিন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—
১. বালিয়াডাঙ্গীর মো. মোজাম্মেল হক ওরফে মোজাম (৪৯)—তার বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে বলে ডিবির তথ্য।
২. পীরগঞ্জের মো. ফারুক হোসেন (৪২)—তার বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে বলে জানানো হয়েছে।
৩. পীরগঞ্জের মো. মোস্তফা আলী ওরফে আকাশ আহম্মেদ (৩৫)—তার বিরুদ্ধে ২৭টি মামলা রয়েছে বলে ডিবির দাবি।
আন্তঃজেলা ডাকাত চক্র গ্রেফতার
অভিযানে একটি আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ডিবির দাবি, এর ফলে ঠাকুরগাঁও জেলায় বর্তমানে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।
শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
এ সময় শীর্ষ সন্ত্রাসী মেরীল সুমনকে গ্রেফতার করা হয়। ডিবির দেওয়া তথ্য অনুযায়ী, রংপুর থেকে ঠাকুরগাঁও এসে গোপন স্থানে অবস্থান করে নির্বাচনী নাশকতা সৃষ্টি করতে পারে—এমন তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।
বিকট শব্দের মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান
ঠাকুরগাঁও সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিকট শব্দ সৃষ্টিকারী ২টি মোটরসাইকেল আটক করা হয়। পরে ট্রাফিক সার্জেন্টের সহায়তায় একটিকে ৩২ হাজার টাকা এবং অপরটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা
সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসেবীদের গ্রেফতার করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে এক নারীকে ৩ মাস এবং এক পুরুষকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ডিবি পুলিশের দাবি, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এসব ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে ঠাকুরগাঁও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে।
ডিবি ঠাকুরগাঁওয়ের ওসি এটিএম গোলাম রসুলের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে গোয়েন্দা তথ্য, নিয়মিত নজরদারি ও মাঠপর্যায়ের তৎপরতার সমন্বয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।