মোঃ আল আমিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার পিতলগঞ্জ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, হোসেনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা শামসুদ্দিন, লেখক ও কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন এবং সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিতলগঞ্জ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরকার।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।