মো. আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি ও চলমান আন্দোলনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে তাঁর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। এতে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। ক্যাম্পাসের ভেতর থেকে কোনো যানবাহন বের হতে পারছিল না। একইভাবে বাইরের যানবাহনও ভেতরে প্রবেশ করতে পারেনি।
অন্যদিকে আন্দোলনকারীদের কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি পালনকারী আওয়ামী লীগপন্থী কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের বিভিন্ন কক্ষে, বিশেষ করে একাডেমিক ভবনে অবস্থান নেন।
সোমবার সকালে আওয়ামী লীগপন্থী কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে মিছিল বের করে মূল ফটকের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের বাধা দিলে তাঁরা একাডেমিক ভবনের দিকে সরে যান। রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের সেখানে অবস্থান করতে দেখা যায়।
আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের নির্দেশে চাকরিতে পুনর্বহাল হওয়ার পরও ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বেতন-ভাতার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। বর্তমান বেতন স্কেল ও অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত রয়েছেন। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ ও বিভিন্ন খাতে ব্যয় অব্যাহত থাকলেও পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করা হচ্ছে না।
দাবি আদায়ে কার্যকর সিদ্ধান্ত না আসা পর্যন্ত উপাচার্যের কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে রোববারও তাঁরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি জমা দেন। দাবি পূরণ না হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্মসূচি চালানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি এবং ক্যাম্পাসের চলমান অচলাবস্থা নিরসনে করণীয় নির্ধারণের জন্য রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। রাত ১১টায় এ প্রতিবেদন পাঠানোর সময়ও সভা চলছিল। তবে সভায় গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে তখনো কিছু জানা যায়নি।
এদিকে আন্দোলনকারীদের একাংশ উপাচার্যের কার্যালয়ের সামনে পুরোনো পত্রিকা ও বস্তা বিছিয়ে অবস্থান করছেন। তাঁদের কেউ বসে, আবার কেউ শুয়ে রাতভর কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।