ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
শেরপুরে নভেম্বর ২০২৬ মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দীপংকর রায়, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্য।
সভায় শেরপুর জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্যনিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এ সময় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের সমন্বয় জোরদার এবং জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।