মো. রকিবুল হাসান বিশ্বাস, জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২২ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই এলাকার আক্কাসের স্ত্রী হাজেরা বেগম (৬০), মেয়ে রুজিনা বেগম (৩৫) ও তাছলিমা (৩২), কবির হোসেনের মেয়ে তানহা (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাজিন্দা গ্রামের আক্কাস আলীর পরিবার দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। এলাকার লোকজন বিভিন্ন সময় বাধা দিলেও মাদক ব্যবসা অব্যাহত রাখায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দলবদ্ধভাবে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৮ কেজি গাঁজাসহ আক্কাসের পরিবারের সবাইকে আটকিয়ে রাখে স্থানীয়রা। পরে খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাঁজা উদ্ধারসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।