• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকা-১৩ আসনের ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই মিলবে নাগরিক সমস্যার সমাধান: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধন, প্রথম দুই ম্যাচে জয়ী ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপি সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪ ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সার ও বীজ বিতরণ সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ নারী আটক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ১৭টি লিস্টার মেশিন ধ্বংস ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

ঢাকা-১৩ আসনের ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই মিলবে নাগরিক সমস্যার সমাধান: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

নাগরিক সমস্যার দ্রুত সমাধান, এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠায় ঢাকা-১৩ আসনের ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ কমিটি, বাড়ির মালিক সমিতি, পুলিশ, সংসদ সদস্যের কার্যালয়, ঢাকা ওয়াসা, ডিপিডিসিসহ সংশ্লিষ্ট সরকারি সেবা সংস্থার প্রতিনিধিরা যুক্ত থাকবেন। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ ঢাকার মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্যের কার্যালয় আয়োজিত সাম্প্রতিক সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এলাকার নাগরিক সমস্যার সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। একটি এলাকার সমস্যা সমাধানে শুধু জনপ্রতিনিধি বা প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সব সেবা সংস্থাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। এ লক্ষ্যেই ঢাকা-১৩ আসনের ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই, একটি মহল্লার মানুষকে তাঁদের ছোট ছোট নাগরিক সমস্যা নিয়ে বারবার বিভিন্ন দপ্তরে ছুটতে না হোক। এলাকার সমস্যা এলাকার নাগরিক কমিটিতে জানাবেন। সেখানে পুলিশ, ওয়াসা, ডিপিডিসি ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধি থাকবেন। তাঁরা বিষয়গুলো শুনবেন, সমন্বয় করবেন এবং সমাধানের উদ্যোগ নেবেন। অর্থাৎ জনগণের কথা সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ এবং প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি কিংবা অন্য কোনো অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তা সরকার, এলাকা ও দেশের জন্য ক্ষতিকর।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন নানা ত্যাগ ও প্রতিকূলতার মধ্য দিয়ে এসেছি। এখন আমাদের দায়িত্ব হলো এলাকার মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের কারণে এলাকার পরিবেশ নষ্ট করা যাবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। আমরা সবাই একসঙ্গে থাকলে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এলাকার শান্তি নষ্ট করতে পারবে না।

মামলা ও আইনি হয়রানির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণের কারণে যেসব নেতাকর্মী এখনো মামলা ও আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন, তাঁদের সুনির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংসদ সদস্যের কার্যালয়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

এলাকায় অপরাধ দমনে প্রশাসনের ভূমিকার পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু অভিযোগ বা আলোচনা নয়, অপরাধের সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে হবে। কোথাও কোনো অন্যায় বা অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে তাঁকে বা তাঁর কার্যালয়কে জানাতে হবে। এ ক্ষেত্রে মহল্লা কমিটিগুলো জনগণ ও প্রশাসনের মধ্যে কার্যকর যোগাযোগের সেতুবন্ধ হিসেবে কাজ করবে।

সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ শোনেন প্রতিমন্ত্রী। তিনি আগামী কয়েক দিনের মধ্যে সুনির্দিষ্ট অভিযোগ, মামলা ও অন্যান্য সমস্যার তালিকা তাঁর কার্যালয়ে জমা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এলাকার নিরাপত্তা, নাগরিক সেবা ও সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ৭০টি মহল্লার নাগরিক কমিটির মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো দ্রুত চিহ্নিত হবে, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়বে এবং নাগরিকদের ভোগান্তি কমবে। এর ফলে ঢাকা-১৩ আসনকে আরও নিরাপদ, বাসযোগ্য ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সভায় ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), এসআরবির প্রতিনিধি (এএসপি), মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন থানার বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় কর্মী ও সাধারণ জনগণ সভায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd