কলমে: চিত্রশিল্পী মিলন বিশ্বাস
শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, বিবেককে জাগ্রত করে, চিন্তার জগৎকে প্রসারিত করে এবং মানুষকে সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। একটি জাতির উন্নতি, সভ্যতা, সংস্কৃতি ও ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষা। প্রচলিত একটি কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখেছি, যে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড হওয়ার কথা, সেই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কী? শুধু উচ্চশিক্ষিত হওয়া, বড় বড় ডিগ্রি অর্জন করা কিংবা পরীক্ষায় ভালো ফলাফল করাই কি শিক্ষার চূড়ান্ত সার্থকতা? আমার প্রশ্ন হলো, যে শিক্ষা একজন মানুষকে সৎ হতে শেখায় না, অন্যের অধিকারকে সম্মান করতে শেখায় না, দায়িত্ববোধ ও মানবিকতা জাগ্রত করে না, সেই শিক্ষা কতটা পূর্ণাঙ্গ? যে ব্যক্তি অনেক ডিগ্রি অর্জন করেও দুর্নীতি, প্রতারণা, স্বার্থপরতা, ক্ষমতার অপব্যবহার এবং অন্যায়ের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে, তার শিক্ষার প্রকৃত মূল্য কোথায়? আমার বিবেচনায়, যে বিদ্যা মানুষের বিবেককে ধ্বংস করে, জ্ঞানকে অন্যায় কাজে ব্যবহার করতে শেখায় এবং মানবিক মূল্যবোধকে বিসর্জন দেয়, সেই বিদ্যা হয়ে ওঠে বিষাক্ত বিদ্যা। শিক্ষা কি শুধু সার্টিফিকেট অর্জনের প্রতিযোগিতা? আমরা এমন একটি সময়ে বসবাস করছি, যেখানে শিক্ষার সঙ্গে পরীক্ষার সম্পর্ক এতটাই নিবিড় হয়ে গেছে যে অনেক ক্ষেত্রে শিক্ষার মূল উদ্দেশ্যই আড়ালে পড়ে যাচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সবাই যেন পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এক ধরনের প্রতিযোগিতায় নেমেছেন। কে কত নম্বর পেল, কে জিপিএ-৫ অর্জন করল, কে কোন প্রতিষ্ঠানে ভর্তি হলো এসব বিষয়ই যেন শিক্ষার সফলতার প্রধান মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একজন শিক্ষার্থী কতটা চিন্তা করতে পারে, কতটা যুক্তি দিয়ে কথা বলতে পারে, নিজের সমাজ ও দেশ সম্পর্কে কতটা জানে, মানুষের বিপদে কতটা পাশে দাঁড়াতে পারে, নিজের দায়িত্ব কতটা পালন করতে পারে এসব প্রশ্ন কি আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছি? একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল করল, অথচ নিজের ঠিকানা সঠিকভাবে লিখতে পারে না, সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা নেই, নিজের দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানে না, মানুষের সঙ্গে শালীনভাবে কথা বলার অভ্যাসও গড়ে ওঠেনি তাহলে তার শিক্ষার পূর্ণতা কোথায়? আমি বলছি না যে ভালো ফলাফল বা ভালো ডিগ্রির প্রয়োজন নেই। অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু ফলাফল যেন শিক্ষার একমাত্র পরিচয় না হয়ে ওঠে। কারণ পরীক্ষায় ভালো করা এবং জীবনে ভালো মানুষ হওয়া এক বিষয় নয়। পরীক্ষার খাতায় একজন শিক্ষার্থী তার অর্জিত জ্ঞানের কিছু অংশ প্রকাশ করে; কিন্তু বাস্তব জীবনে তার চরিত্র, বিবেক, আচরণ ও দায়িত্ববোধই তার প্রকৃত শিক্ষার পরিচয় বহন করে। শিক্ষার সঙ্গে নৈতিকতার সম্পর্ক কোথায়? শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হওয়া উচিত মানুষের মধ্যে নৈতিকতা, সততা, সহনশীলতা, পরমতসহিষ্ণুতা, মানবিকতা ও দায়িত্ববোধ তৈরি করা। একজন শিক্ষিত মানুষ শুধু নিজের উন্নতির কথা ভাববে না; সে সমাজের উন্নতি, দেশের কল্যাণ এবং অন্য মানুষের অধিকার সম্পর্কেও সচেতন থাকবে। আমরা যদি দেখি, কেউ উচ্চশিক্ষা গ্রহণ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন, কিন্তু দায়িত্ব পাওয়ার পর সততা, ন্যায়বিচার ও প্রতিশ্রুতি ভুলে গিয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে পড়েছেন, তাহলে তাঁর অর্জিত শিক্ষার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতেই পারে। একজন চিকিৎসক যদি অর্থের লোভে রোগীর প্রতি দায়িত্ব ভুলে যান, একজন শিক্ষক যদি শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের পরিবর্তে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেন, একজন কর্মকর্তা যদি জনগণের সেবক না হয়ে ক্ষমতার মালিক হয়ে উঠতে চান, একজন ব্যবসায়ী যদি মানুষের প্রয়োজনকে পুঁজি করে প্রতারণা করেন তাহলে তাঁদের শিক্ষার সঙ্গে নৈতিকতার সম্পর্ক কোথায়?
ডিগ্রি মানুষকে পেশাগত পরিচয় দিতে পারে, কিন্তু সততা মানুষকে প্রকৃত মর্যাদা দেয়। পদমর্যাদা মানুষকে ক্ষমতা দিতে পারে, কিন্তু বিবেক মানুষকে দায়িত্বশীল করে তোলে। আমার শিল্পীসত্তা ও বিষাক্ত বিদ্যার ভাবনা
আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস। আমার কাছে ছবি শুধু রং, রেখা, আলো-ছায়া কিংবা সুন্দর দৃশ্যের সমন্বয় নয়। আমি মনে করি, একটি ছবি নিজেই একটি ভাষা। ছবির মধ্য দিয়ে শিল্পী সমাজকে কিছু বলতে পারেন, মানুষের চিন্তাকে নাড়া দিতে পারেন এবং সময়ের বাস্তবতাকে তুলে ধরতে পারেন। একটি বিষাক্ত সাপকে দূর থেকেই চেনা সম্ভব। তার ভয়ংকর রূপ আমাদের সতর্ক করে। কিন্তু একজন মানুষের ভেতরে যে বিষাক্ত চিন্তা, স্বার্থপরতা, প্রতারণা কিংবা দুর্নীতির মানসিকতা লুকিয়ে থাকে, তা সব সময় বাহ্যিকভাবে বোঝা যায় না। সুন্দর পোশাক, মার্জিত ব্যবহার কিংবা বড় বড় ডিগ্রি একজন মানুষের প্রকৃত চরিত্রের নিশ্চয়তা দেয় না। এই ভাবনা থেকেই আমি ‘বিষাক্ত বিদ্যা’ শিরোনামে ছবিটি এঁকেছি। ছবিটির মধ্য দিয়ে বোঝাতে চেয়েছি, মানুষের বাহ্যিক পরিচয় ও অভ্যন্তরীণ চরিত্র সব সময় এক হয় না। যে জ্ঞান মানুষের কল্যাণে ব্যবহৃত হওয়ার কথা, সেই জ্ঞান যখন অন্যায়, শোষণ, প্রতারণা ও ব্যক্তিস্বার্থের হাতিয়ারে পরিণত হয়, তখন তা সমাজের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। শিল্পীর কাজ শুধু সৌন্দর্য সৃষ্টি করা নয়; শিল্পীর দায়িত্ব সমাজের অসংগতি, সময়ের সংকট ও মানুষের বিবেকের প্রশ্নগুলোও তুলে ধরা। তাই আমি ছবি আঁকার পাশাপাশি গান, কবিতা ও প্রবন্ধের মাধ্যমে নিজের চিন্তা প্রকাশ করার চেষ্টা করি। বর্তমান সমাজে যা ঘটছে, ভবিষ্যতে কী ঘটতে পারে এবং পরবর্তী প্রজন্মের জন্য আমরা কেমন পৃথিবী রেখে যাচ্ছি এসব বিষয় আমাকে ভাবায়। পেন্সিলের ইতিহাস থেকে বিষাক্ত মানুষের শিক্ষা।ছাত্রজীবন থেকেই আমি কোনো কিছুর গভীরে গিয়ে জানার চেষ্টা করতাম। সাধারণ একটি পেন্সিলের ইতিহাস জানার আগ্রহ থেকেও একসময় জানতে পারি, ১৫৬৪ সালে ইংল্যান্ডের কাম্বারল্যান্ডে গ্রাফাইট আবিষ্কারের পর পেন্সিল তৈরির ইতিহাস নতুনভাবে বিকশিত হয়। পরবর্তী সময়ে পেন্সিলের উপাদান ও নিরাপত্তা নিয়েও নানা আলোচনা হয়েছে। পুরোনো কিছু পেন্সিলে সিসা ব্যবহারের বিষয়টি ইতিহাসে পাওয়া যায়। যদিও আধুনিক সাধারণ পেন্সিলের কালো লেখার অংশ মূলত গ্রাফাইট ও কাদামাটির মিশ্রণে তৈরি, সিসা নয়। এই তথ্য আমাকে ভাবিয়েছে যে পেন্সিল দিয়ে একজন শিশু প্রথম অক্ষর লেখা শেখে, সেই পেন্সিলের ইতিহাসেও রয়েছে উপাদান, ব্যবহার ও নিরাপত্তার নানা অধ্যায়। অর্থাৎ কোনো কিছুর বাহ্যিক পরিচয় দেখেই তার সম্পূর্ণ সত্য জানা যায় না। ঠিক তেমনি মানুষের ক্ষেত্রেও শুধু পোশাক, পদবি কিংবা শিক্ষাগত যোগ্যতা দেখে তার প্রকৃত পরিচয় নির্ধারণ করা যায় না।
ইতিহাসে গুজরাটের সুলতান মাহমুদ বেগাদাকে ঘিরে তাঁর শরীর ও বিষাক্ততা সম্পর্কে নানা কিংবদন্তি প্রচলিত রয়েছে। কথিত আছে, তাঁর শরীরের বিষক্রিয়ায় মশা-মাছিও মারা যেত। এসব ঐতিহাসিক কাহিনির সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও একটি বিষয় আমাদের ভাবাতে পারে বিষ শুধু সাপ কিংবা কোনো রাসায়নিক পদার্থের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের চিন্তা, আচরণ ও কর্মের মধ্য দিয়েও সমাজে বিষ ছড়িয়ে পড়তে পারে। তবে মানুষের এই বিষাক্ততা চোখে দেখা যায় না। তা প্রকাশ পায় তার সিদ্ধান্তে, কাজে, অন্যের প্রতি আচরণে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে।
আমার দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা
২০০৩ সাল থেকে খুলনায় আমি একটি শিল্পশিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছি, যার নাম ‘খুলনা আর্ট একাডেমি’। দীর্ঘ এই সময়ে হাজার হাজার শিক্ষার্থী আমার কাছে ছবি আঁকা শিখতে এসেছে। তাদের সঙ্গে সময় কাটাতে গিয়ে শিশু-কিশোরদের চিন্তাভাবনা, জ্ঞান, আগ্রহ ও বাস্তব জীবনের দক্ষতা সম্পর্কে নানা অভিজ্ঞতা অর্জন করেছি।
২০১০ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্যও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করি। সেই অভিজ্ঞতা আমাকে শিক্ষাব্যবস্থার কিছু বাস্তব দিক নতুনভাবে উপলব্ধি করার সুযোগ দিয়েছে।
অনেক শিক্ষার্থী ভালো ফলাফল নিয়ে আসে, কিন্তু সাধারণ কিছু বিষয়ে তাদের জ্ঞানের ঘাটতি দেখে আমাকে ভাবতে হয়। কেউ নিজের পরিচয় সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না, কেউ নিজের ঠিকানা লিখতে গিয়ে ভুল করে, আবার কেউ নিজের চারপাশের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে খুব সামান্যই জানে। অবশ্য সব শিক্ষার্থী এক রকম নয়; অনেক মেধাবী, অনুসন্ধিৎসু ও দায়িত্বশীল শিক্ষার্থীও পেয়েছি। কিন্তু কিছু বাস্তব অভিজ্ঞতা আমাকে বারবার একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে আমরা কি সত্যিই শিক্ষার্থীদের জীবনমুখী শিক্ষা দিতে পারছি? আমার কাছে থাকা তথ্য অনুযায়ী, খুলনা আর্ট একাডেমিতে শিক্ষা ও প্রশিক্ষণের বিভিন্ন পর্যায় অতিক্রম করে ২৩০ জন শিক্ষার্থী বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। এ ছাড়া অসংখ্য শিক্ষার্থী সরকারি জেলা স্কুল এবং ক্যাডেট স্কুল এন্ড কলেজের চারুকারুর শিক্ষক হয়েছেন ও চাকরিসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছে। তাদের অগ্রগতি আমাকে আনন্দিত করে। একই সঙ্গে মনে করি, একজন শিক্ষকের দায়িত্ব শুধু শিক্ষার্থীকে পরীক্ষায় সফল হতে সাহায্য করা নয়; তার মধ্যে আত্মবিশ্বাস, সৃজনশীলতা, মানবিকতা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলাও জরুরি। আমার এই অভিজ্ঞতা কোনো শিক্ষার্থীকে ছোট করার জন্য নয়, কোনো শিক্ষককে অসম্মান করার জন্যও নয়। বরং শিক্ষার প্রকৃত উদ্দেশ্য নিয়ে সবাইকে নতুন করে ভাবার আহ্বান জানাতেই আমার এই লেখা। শিক্ষাব্যবস্থা, সৃজনশীলতা ও ব্যবসায়িক প্রতিযোগিতা আমাদের দেশে শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নকল প্রতিরোধ, প্রশ্নপত্র ফাঁস বন্ধ, গাইড বইয়ের ওপর নির্ভরতা কমানো, কোচিংনির্ভরতা হ্রাস এবং সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়নের মতো উদ্যোগের পেছনে একটি ইতিবাচক উদ্দেশ্য ছিল শিক্ষার্থীরা যেন মুখস্থনির্ভরতা থেকে বেরিয়ে এসে বুঝে পড়তে শেখে। সৃজনশীল শিক্ষা অবশ্যই প্রয়োজন। কিন্তু সৃজনশীলতা শুধু প্রশ্নপত্রের ধরন পরিবর্তন করলেই তৈরি হয় না। সৃজনশীলতা হলো স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা, নতুন কিছু আবিষ্কারের আগ্রহ, যুক্তি দিয়ে সমস্যা সমাধানের দক্ষতা এবং নিজের ভাবনাকে প্রকাশ করার সাহস। দুঃখজনকভাবে, শিক্ষার বিভিন্ন পরিবর্তনকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে কোচিং, গাইড বই ও প্রশ্নের প্যাটার্ননির্ভর ব্যবসা গড়ে ওঠে। শিক্ষার্থীরা বইয়ের প্রতিটি বিষয় বুঝে শেখার পরিবর্তে কীভাবে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায়, সেই কৌশলেই বেশি মনোযোগী হয়ে পড়ে। এখানে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব রয়েছে। শিক্ষাকে কখনোই কেবল ব্যবসায়িক পণ্য হিসেবে দেখা উচিত নয়। শিক্ষা এমন একটি সামাজিক দায়িত্ব, যার সঙ্গে একটি জাতির ভবিষ্যৎ সরাসরি জড়িত। অভিভাবকদের প্রত্যাশা ও সন্তানদের মানসিক বিকাশ প্রত্যেক বাবা-মা চান তাঁদের সন্তান জীবনে প্রতিষ্ঠিত হোক। সন্তান ভালো ফলাফল করুক, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ুক, উচ্চশিক্ষা গ্রহণ করুক এবং সম্মানজনক পেশায় যুক্ত হোক এটি অত্যন্ত স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু সন্তানকে শুধু ফলাফলের যন্ত্র বানিয়ে ফেললে তার স্বাভাবিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। প্রতিনিয়ত অন্যের সন্তানের সঙ্গে তুলনা করা, ভালো ফলাফলের জন্য অতিরিক্ত চাপ দেওয়া এবং প্রতিযোগিতার মধ্যে আটকে রাখা শিশুর আনন্দ, কৌতূহল ও সৃজনশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
একজন শিশু শুধু পরীক্ষার জন্য জন্মায়নি। তার খেলার প্রয়োজন আছে, প্রকৃতিকে জানার প্রয়োজন আছে, বই পড়ার প্রয়োজন আছে, ছবি আঁকার প্রয়োজন আছে, গান শেখার প্রয়োজন আছে এবং নিজের মতো করে প্রশ্ন করার স্বাধীনতাও প্রয়োজন। অভিভাবকদের মনে রাখতে হবে, সন্তানকে বড় ডিগ্রিধারী করার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলাও তাঁদের দায়িত্ব। সন্তান যেন সত্য কথা বলতে শেখে, বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে, অন্যের দুঃখ বুঝতে পারে এবং নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ায় এসব শিক্ষাও পরিবারের মধ্য থেকেই শুরু হয়। শিক্ষকের দায়িত্ব শুধু পাঠদান নয় একজন শিক্ষক শুধু বইয়ের পাঠ শেষ করবেন, পরীক্ষার প্রস্তুতি দেবেন এবং ফলাফল প্রকাশের অপেক্ষা করবেন শিক্ষকতার দায়িত্ব এতটুকুতে সীমাবদ্ধ থাকতে পারে না। একজন প্রকৃত শিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রশ্ন করার সাহস তৈরি করেন, ভুল থেকে শেখার মানসিকতা গড়ে তোলেন এবং সত্য-মিথ্যা যাচাই করার ক্ষমতা তৈরি করতে সাহায্য করেন। শিক্ষার্থীরা যেন শুধু মুখস্থ করে উত্তর লিখতে না শেখে, বরং কেন, কীভাবে এবং কোন যুক্তিতে একটি বিষয় সত্য তা বুঝতে শেখে। শ্রেণিকক্ষে বইয়ের পাশাপাশি বাস্তব জীবন, ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান, পরিবেশ, মানবাধিকার ও সামাজিক দায়িত্ব নিয়েও আলোচনা হওয়া প্রয়োজন। একজন শিক্ষক শিক্ষার্থীর জীবনে এমন একটি আদর্শ হয়ে উঠতে পারেন, যার প্রভাব সারাজীবন থেকে যায়। তাই শিক্ষকের নিজের আচরণেও সততা, শৃঙ্খলা ও মানবিকতার প্রতিফলন থাকা জরুরি। শিক্ষিত মানুষ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা
একটি দেশ তখনই প্রকৃত অর্থে উন্নত হয়, যখন তার শিক্ষিত মানুষগুলো নিজেদের জ্ঞান ও দক্ষতাকে দেশের কল্যাণে ব্যবহার করেন। শুধু বিদেশি ডিগ্রি, উচ্চ বেতন, বড় পদ কিংবা সামাজিক মর্যাদা অর্জন করলেই একটি জাতির উন্নয়ন নিশ্চিত হয় না। যে ব্যক্তি বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে মানুষের সেবা করেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি করেন, গবেষণা করেন, প্রযুক্তির উন্নয়ন ঘটান কিংবা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ান, তাঁর শিক্ষা সমাজের জন্য সম্পদ হয়ে ওঠে। অন্যদিকে, যে ব্যক্তি নিজের শিক্ষাকে ব্যবহার করে মানুষের অধিকার হরণ করেন, দুর্নীতি করেন, অন্যায়কে প্রশ্রয় দেন কিংবা রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহার করেন, তিনি নিজের শিক্ষার মূল উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করেন। শিক্ষার প্রকৃত সার্থকতা হলো জ্ঞানকে দায়িত্বশীলভাবে ব্যবহার করা। কারণ একজন শিক্ষিত মানুষের ভুল সিদ্ধান্তের প্রভাব কখনো কখনো একটি পরিবার, একটি প্রতিষ্ঠান কিংবা বৃহত্তর সমাজের ওপর পড়তে পারে। তাই শিক্ষার সঙ্গে বিবেকের সম্পর্ক যত দৃঢ় হবে, সমাজ তত বেশি নিরাপদ ও মানবিক হবে।
কেমন শিক্ষা চাই আমরা? আমাদের এমন একটি শিক্ষাব্যবস্থা প্রয়োজন, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় পাস করার জন্য পড়বে না; জীবনের জন্য শিখবে। যেখানে পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা, শিল্প-সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ইতিহাস ও নৈতিক শিক্ষার সমন্বয় থাকবে।
প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের সত্য কথা বলা, অন্যের অধিকারকে সম্মান করা, পরিবেশ রক্ষা করা, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং নিজের কাজের দায়িত্ব নেওয়ার শিক্ষা দিতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, ছবি আঁকা, গান, কবিতা, বিতর্ক, বিজ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডকে গুরুত্ব দিতে হবে। কারণ প্রত্যেক শিক্ষার্থীর মেধা ও প্রতিভা এক রকম নয়। কেউ বিজ্ঞানে ভালো, কেউ সাহিত্যে, কেউ শিল্পকলায়, কেউ খেলাধুলায়, আবার কেউ নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডে দক্ষ।
শিক্ষার উদ্দেশ্য হবে প্রত্যেকের ভেতরে থাকা সম্ভাবনাকে বিকশিত করা। শুধু কয়েকটি নির্দিষ্ট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একজন শিক্ষার্থীর সম্পূর্ণ যোগ্যতা বিচার করা উচিত নয়।
রাষ্ট্রের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগেই শিক্ষার প্রকৃত পরিবেশ তৈরি করা সম্ভব।
শেষ কথা: বিদ্যা হোক আলোর, বিষের নয়
আমি জানি, আমার এই লেখার সঙ্গে সবাই একমত নাও হতে পারেন। কেউ হয়তো বলবেন, একজন চিত্রশিল্পী হয়ে শিক্ষা নিয়ে এত কথা বলার প্রয়োজন কী? তাঁদের উদ্দেশে আমার বক্তব্য শিল্পী শুধু ছবি আঁকেন না; শিল্পী তাঁর সময়, সমাজ ও মানুষের জীবনকেও পর্যবেক্ষণ করেন। একজন শিল্পীর চোখে সমাজের যে অসংগতি ধরা পড়ে, তা প্রকাশ করার অধিকার এবং দায়িত্ব দুটোই রয়েছে।
আমি নিজেকে বড় চিন্তাবিদ মনে করি না। আমি একজন শিল্পী, একজন শিক্ষক এবং একজন সচেতন মানুষ হিসেবে আমার অভিজ্ঞতা ও উপলব্ধির কথা তুলে ধরেছি। দীর্ঘদিন শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে গিয়ে যে প্রশ্নগুলো আমাকে ভাবিয়েছে, সেগুলোই পাঠকের সামনে উপস্থাপন করেছি।
আমাদের মনে রাখতে হবে, শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা অর্জন নয়; জীবনকে সুন্দর করা। শিক্ষা মানুষকে বড় পদে বসাতে পারে, কিন্তু বড় মনের মানুষ হতে হলে প্রয়োজন বিবেক, সততা ও মানবিকতা। শিক্ষা মানুষকে ক্ষমতাবান করতে পারে, কিন্তু সেই ক্ষমতা মানুষের কল্যাণে ব্যবহার করার মানসিকতা তৈরি করাই প্রকৃত শিক্ষার কাজ। একটি জাতির মেরুদণ্ড শুধু সার্টিফিকেটের স্তূপ দিয়ে তৈরি হয় না; তৈরি হয় সৎ চরিত্র, নৈতিকতা, জ্ঞান, বিবেক, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ দিয়ে। আমরা এমন প্রজন্ম চাই না, যারা শুধু পরীক্ষায় জিতবে; আমরা এমন প্রজন্ম চাই, যারা জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হবে। আমরা এমন শিক্ষিত মানুষ চাই না, যারা নিজের স্বার্থের জন্য সমাজকে ক্ষতিগ্রস্ত করবে; আমরা এমন মানুষ চাই, যারা নিজের অর্জিত জ্ঞান দিয়ে অন্যের জীবনেও আলো ছড়াবে।
কারণ শিক্ষা যদি মানুষকে মানুষ হতে না শেখায়, তবে সেই শিক্ষার সার্থকতা কোথায়?
আমার বিশ্বাস, সত্যিকার শিক্ষা মানুষকে আলোকিত করে, আর বিবেকহীন জ্ঞান সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই আমাদের প্রয়োজন বিষাক্ত বিদ্যা নয়, মানবিক ও নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ।
পরিশেষে, পৃথিবীর সকল নবীন শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ, সুস্থ চিন্তাশক্তি, মানবিক বিকাশ ও সাফল্য কামনা করছি।
লেখক: চিত্রশিল্পী মিলন বিশ্বাস
প্রতিষ্ঠাতা পরিচালক, খুলনা আর্ট একাডেমি
খুলনা, বাংলাদেশ।
প্রথম রচনাকাল: ২৬-০৫-২০২৩ ইং
দ্বিতীয় সংশোধিত তারিখ: ২৩-১১-২০২৬ ইং
বিঃদ্রঃ এই লেখাটি ২০২৩ সালে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সময়ের বাস্তবতা, ব্যক্তিগত অভিজ্ঞতা ও নতুন উপলব্ধির আলোকে লেখাটি পুনরায় সংশোধন, পরিমার্জন ও সম্প্রসারণ করা হয়েছে।