মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী জেলার ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দীর্ঘদিন দখল হয়ে থাকা জাতীয় শিক্ষা বোর্ডের বরাদ্দকৃত জমি অবশেষে দখলমুক্ত করা হয়েছে। শনিবার বিদ্যালয় পরিচালনা কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সমন্বিত উদ্যোগে জমিটি পুনরুদ্ধার করা হয়। দখলমুক্ত জমির ওপর নতুন বিদ্যালয় ভবন নির্মাণের কার্যক্রমও বর্তমানে দ্রুতগতিতে এগোচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ের জমিটি দীর্ঘদিন কিছু প্রভাবশালী ব্যক্তির দখলে থাকায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছিল। সালিশ-বৈঠক ও আলোচনার পরও জমি না ছাড়ায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। পরে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে জমি দখলমুক্ত করার উদ্যোগ নিলে শেষ পর্যন্ত জমি উদ্ধারে সফলতা আসে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান বাবু বলেন, “শিক্ষার পরিবেশ ঠিক রাখতে বিদ্যালয়ের জমি দখলমুক্ত করা জরুরি ছিল। এখন ভবন নির্মাণের বরাদ্দ ও নকশা অনুমোদনের প্রক্রিয়া চলমান। খুব শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল আহমেদ বলেন,
“এটি আমাদের বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য বড় অর্জন। আগে ভাড়া করা বারান্দায় বা অস্বস্তিকর কক্ষে ক্লাস নিতে হতো। নিজস্ব ভবন হলে সেই সমস্যার অবসান হবে।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলাম জানান, “ভবন নির্মাণ শেষ হলে বিদ্যালয়ে পূর্ণাঙ্গ পাঠদান কার্যক্রম শুরু করা হবে। এতে এলাকার মেয়েশিক্ষায় বড় ধরনের অগ্রগতি ঘটবে।”
অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এলাকাবাসীর প্রত্যাশা, ডোমারের এই উদ্যোগ স্থানীয় শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং মেয়েদের শিক্ষায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।