মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
টানা ৪/৫ দিনের প্রবল বর্ষণে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন নিচু এলাকা ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ে বন্যা সৃষ্টি হয়েছে। প্লাবিত হয়েছে শত শত ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন হাজারো মানুষ। এমন দুর্যোগময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে লোহাগাড়ার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন।
গত কয়েকদিন ধরে লোহাগাড়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বাংলাদেশ স্কাউটস, ন্যাশনাল ভলান্টিয়ার ফোরামসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মাঠপর্যায়ে নিরলসভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।
সরেজমিনে দেখা গেছে, পানিবন্দি পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার পাশাপাশি দুর্গম এলাকায় আটকে পড়া মানুষের কাছে নৌকা ও হেঁটে ত্রাণ পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা। কোথাও বুকসমান পানি পেরিয়ে, আবার কোথাও ঝুঁকি নিয়েই তারা মানবিক সহায়তা অব্যাহত রেখেছেন।
স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগের শুরু থেকেই আমাদের সদস্যরা মাঠে কাজ করছেন। লোহাগাড়ার কোনো মানুষ যেন সহায়তা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের পাশাপাশি এসব স্বেচ্ছাসেবী সংগঠনের দ্রুত ও সমন্বিত তৎপরতায় অনেক পানিবন্দি পরিবার সময়মতো সহায়তা পেয়েছে। তাদের এই মানবিক উদ্যোগ দুর্যোগকবলিত মানুষের মনে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
প্রাকৃতিক এই দুর্যোগে লোহাগাড়ার তরুণ স্বেচ্ছাসেবকদের ঐক্যবদ্ধ, সাহসী ও নিঃস্বার্থ ভূমিকা আবারও প্রমাণ করেছে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়।