নিজস্ব প্রতিবেদক:
জাতীয় দৈনিক দেশ সংলাপ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেলেন মুনীর চৌধুরী সোহেল। তিনি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৭৪ সালের ২০ জুলাই খুলনায় তাঁর নানাবাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামে। তাঁর পিতা প্রয়াত এ্যাডভোকেট ও সাবেক প্রধান শিক্ষক হেমায়েত হোসেন চৌধুরী ও মাতা সাবেক প্রধান শিক্ষক সুলতানা রেবেকা বেগম। মুনীর চৌধুরী সোহেল ১৯৯৩ সালে খুলনা জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন। ১৯৯৫ সালে সরকারী সুন্দরবন আদর্শ কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৯৯ সালে দৌলতপুর দিবা-নৈশ কলেজ থেকে বি.এ পাস করেন। ২০০২ সালে সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ (বি.এল) থেকে এম.এ পাস করেন।
দেশ সংলাপ পত্রিকার এই নির্বাহী সম্পাদক পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ এর সদস্য, কৃষি-শিল্প-পাট-পরিবেশ রক্ষায় নাগরিক কমিটির সহ-সভাপতি ও পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বর্তমানে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৯৩ সালে রাজনৈতিক জীবন শুরু করেন । মুনীর চৌধুরী সোহেল ১৯৯৩ সালে বাংলাদেশ ছাত্র ফেডারেশনে যুক্ত হন। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি খুলনার বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাবেক এই ছাত্রনেতা ’৯০ দশকের শুরুতে বৈষম্যহীন সার্বজনীন শিক্ষা, শিল্পায়ন ও কর্মসংস্থানের দাবিতে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলেন। একই দশকে নিউজপ্রিন্ট এর মূল্য বৃদ্ধি, খুন-ধর্ষণ-সন্ত্রাস-দখলদারিত্য, তেল-গ্যাস-নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি-অনিয়ম ও কোচিং বাণিজ্য এবং শিক্ষকদের বেতন বৃদ্ধির আন্দোলনের নেতৃত্ব দেন। ২০০২ সালে গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠা লাভ করলে মুনীর চৌধুরী সোহেল খুলনা জেলার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ঐ সময় থেকে সোহেল মংলা বন্দর ধ্বংস এবং পরিবেশ বিদ্ধংসী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, সুন্দরবন ও জীববেচিত্র্য বিনাসের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ও গুরুত্বপূর্ণ সংগঠকের দায়িত্ব পালন করেন। খুলনা জেলার এই আহবায়ক ২০১০ সাল থেকে জনগণের গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের আন্দোলন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, পাটকল রক্ষার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি খুলনার নাগরিক, সামাজিক ও পরিবেশ বিষয়ক নানা ধরনের আন্দোলনের সাথে যুক্ত আছেন। তিনি ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ২ আসনে প্রথম পর্বের সংসদ সদস্য প্রার্থী ছিলেন।