মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
খুলনার দাকোপে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট ৮ জন আসামিকে আটক করেছে দাকোপ থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানাধীন বিভিন্ন এলাকায় আসামিদের অবস্থান সম্পর্কে তথ্য পায় পুলিশ। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হয়ে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
সংবাদ পাওয়ার পর দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুনকে বিষয়টি অবহিত করা হয়। পরে পুলিশের একটি দল সরকারি পিকআপ নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন। অভিযান শেষে আটক ৮ জনকে থানায় নিয়ে আসা হয়।
দাকোপ থানার এসআই (নিঃ) প্রসেনজিৎ ব্যানার্জি জানান, আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। এ ছাড়া পুলিশ আইনের ৩৪(৬) ধারা এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা অনুযায়ী আটক ব্যক্তিও রয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাস, জুয়া ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।