রতন ঘোষ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কাসেম মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
গত ১২ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পশ্চিম হাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কাসেম মিয়া করগাঁও ইউনিয়নের পশ্চিম হাটি গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল চিহ্নিত মাদক কারবারি নুরুন্নবী ও তার সহযোগী কাসেম চক্র। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কাসেমকে তার বড় ভাইয়ের বসতঘর থেকে আটক করা হয়। তল্লাশিকালে তার প্যান্টের জিপার থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী নুরুন্নবী পালিয়ে যায়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা মাদক হিসেবে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন কাসেম। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। ১০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ অক্টোবর তাকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।”