গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় এক পুলিশ উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক এসআই ও পুলিশের এক গাড়িচালক আহত হয়েছেন। আহত এসআইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) এবং উপজেলার তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)।
আহতরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ ওমর (২৮) এবং পুলিশের গাড়িচালক রাব্বি (২৮)। আহত এসআই জাবেদ ওমরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। গাড়িচালক রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তুমুলিয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি অহিদ মিয়াকে (৪৫) গ্রেপ্তারের জন্য শুক্রবার রাত পৌনে ৩টার দিকে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তারের পর আসামিকে নিয়ে পুলিশের গাড়িটি থানায় ফিরছিল।
পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে গাড়ি থামিয়ে এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর ও গাড়িচালক রাব্বি সড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লার সঙ্গে কথা বলছিলেন। এ সময় ঘোড়াশালমুখী একটি দ্রুতগতির অজ্ঞাত কাভার্ডভ্যান তাঁদের সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে চারজনই গুরুতর আহত হন।
পরে তাঁদের উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটের দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে এসআই মিজানুর রহমান মারা যান। অপর আহত এসআই জাবেদ ওমর সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান শেষে ফেরার পথেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে পুলিশের এক সহকর্মী ও স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন। আহত এসআই জাবেদ ওমর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত করা এবং চালককে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।