জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি:
বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেছেন, একমাত্র ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব।
সোমবার সন্ধ্যায় রংপুর টাউন হলে মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গ টেনে মুফতি ফয়জুল করীম বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছয় মাসে দেশে ঘুষ-দুর্নীতি বন্ধ করা যায়নি। আমি বলি, বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম।’
ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হলে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হবে দাবি করে তিনি বলেন, ‘১০ বছরের মধ্যে সমস্ত গরিব মানুষ দরিদ্রসীমার ওপরে চলে যাবে। নারীদের ইজ্জত রক্ষা হবে। তারা সমঅধিকার নয়, ন্যায্য অধিকার পাবে।’
নির্বাচনের আগে রাজনৈতিক জোট প্রসঙ্গে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, তাঁরা নির্বাচনের আগে কোরআনের পক্ষে একটি ভোটের বাক্স করেছিলেন। তখন পীর সাহেব চরমোনাই ‘স্টিয়ারিংয়ে’ ছিলেন। তাঁদের আশা ছিল দেশে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হবে। কিন্তু পরে পরিস্থিতি পরিবর্তন হওয়ায় তাঁরা জোট ত্যাগ করেন।
ফয়জুল করীম বলেন, ‘আমরা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারি না।’
সম্মেলনে তিনি ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি দাওয়াতি কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।
ইসলামী আন্দোলন রংপুর মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার। আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন রংপুর জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু, সেক্রেটারি মুহা. মাহমুদুর রহমান রিপন সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।