স্টাফ রিপোর্টার:
গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মহানগরের বাসন থানার ইটহাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান।
পুলিশ জানায়, ভাওয়াল কলেজের উত্তর পাশে সিদ্দিক টাওয়ারের সামনে থেকে একটি মাহিন্দ্রা পিকআপ ভ্যানসহ তাদের আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শিমুল শেখ ওরফে আবুল হোসেন (৪৫), মজিদ আহমেদ (৪৫), সবুজ আলী (৩২), রেজাউল করিম ওরফে রেজা (৪৫), শুকুর আলী ওরফে জীবন (৩৫) ও আহমদ (৪৭)। তাদের বাড়ি টাঙ্গাইল, বগুড়া, নওগাঁ ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায়।
জিএমপি গোয়েন্দা বিভাগ (উত্তর) জানায়, গ্রেফতারকৃত শিমুলের বিরুদ্ধে চুরি, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ৩টি এবং মজিদের বিরুদ্ধে চুরি, দস্যুতা ও ডাকাতির ১১টি মামলা রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জিএমপি গোয়েন্দা বিভাগ (উত্তর) এর উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত)।