স্টাফ রিপোর্টার, নীলফামারী:
নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা উপজেলার বালাপাড়া বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. কাশেম (৩৫) ও মো. শাকিল আলম (২৬)।
অভিযানের পর তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি মাদক পরিবহন ও ব্যবসায় ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।
বিজিবির হিসাবে জব্দ করা ইয়াবা, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকাসহ উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৬৭ হাজার ৯১০ টাকা।
পরে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মালামালসহ তাদের ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।