থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম ৪নং গ্যালেংগা ইউনিয়নের অংলাই পাড়ায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় তাৎক্ষণিক মানবিক পদক্ষেপ গ্রহণ করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (বিজিবি)।
২০ জুলাই ২০২৬ বলিপাড়া ব্যাটালিয়নের অধীনস্থ গ্যালেংগা বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে কপাও ম্রো (১৩), পিতা- চন্দ্রয় ম্রো, সাং- অংলাই পাড়া, ৪নং ওয়ার্ড, ৪নং গ্যালেংগা ইউনিয়ন, উপজেলা- রুমা, জেলা- বান্দরবান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যানুযায়ী, একই ইউনিয়নে আরও ৫-১৬ বছর বয়সী আনুমানিক ১০-১২ জন শিশু হামের উপসর্গে আক্রান্ত রয়েছে বলে জানা গেছে।
সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস এর নির্দেশক্রমে অধীনস্থ গ্যালেংগা বিজিবি ক্যাম্প থেকে একটি বিশেষ টহল দল আক্রান্ত পাড়াগুলোতে গমন করে। টহল দল হামের উপসর্গে আক্রান্ত শিশুদের শনাক্ত করে উদ্ধারপূর্বক উন্নত চিকিৎসার জন্য রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। একই সঙ্গে বিজিবি সদস্যগণ কর্তৃক স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ, দ্রুত চিকিৎসা গ্রহণ এবং সংক্রামক রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হচ্ছে।
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই প্রথম সারির বাহিনী হিসেবে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। অত্যন্ত দুর্গম ও যোগাযোগ-বিচ্ছিন্ন গ্যালেংগা এলাকায় হামের উপসর্গে আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্ত, উদ্ধার এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে বিজিবি সময়োপযোগী ও মানবিক ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা স্থানীয় জনগণসহ সর্বমহলে ব্যপকভাবে প্রশংসিত হয়েছে।
ভবিষ্যতেও স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত এলাকার জনগণের কল্যাণে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।