ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, ছিন্নমূল ও গরীব সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি শুভেচ্ছা বক্তব্যে বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালির আবহমান সাংস্কৃতিক, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে দুর্গাপূজা হয়ে ওঠে আনন্দ, সৌহার্দ্য ও মিলন মেলা।”
তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং পূজা মণ্ডপগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।