হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে নেত্রকোণায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।
সভায় আগামী ২০ আগস্ট থেকে জেলার ঐতিহ্যবাহী কালেক্টরেট মাঠে সপ্তাহব্যাপী “বৃক্ষমেলা ২০২৬” আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া নেত্রকোণা জেলায় বনভূমির পরিমাণ বৃদ্ধি, সার্বিক পরিবেশ সংরক্ষণ, বিলুপ্তপ্রায় জীববৈচিত্র্য রক্ষা এবং সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারার বিপুল সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বন বিভাগের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।