হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
ক্রমবর্ধমান ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ জেলায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার সব উপজেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর সি.কে. ঘোষ রোড এলাকায় বিভিন্ন দপ্তরের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত থেকে কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শিরীন আক্তার।
অভিযান চলাকালে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সাধারণ মানুষ আরও সচেতন হবেন।
জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমের সফল বাস্তবায়নে ময়মনসিংহ জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ ও কার্যক্রম অব্যাহত থাকবে।