পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলা উপজেলার উত্তর পূর্বধলা সার্বজনীন কালীমন্দিরে শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে আয়োজিত আরতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) উত্তর পূর্বধলা সার্বজনীন কালীমন্দির কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেন মন্দির কমিটির সভাপতি ডা. দ্বিজেশ রঞ্জন ভৌমিক (সুমন)। এ আয়োজনে মন্দির কমিটির নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
আয়োজকেরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করা এবং নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় সংস্কৃতি, ভক্তি, শৃঙ্খলা ও ঐতিহ্যের চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আরতি প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
এ ধরনের আয়োজন ধর্মীয় সম্প্রীতি, সামাজিক বন্ধন ও ঐতিহ্যবাহী উৎসবের চর্চাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজনে: উত্তর পূর্বধলা সার্বজনীন কালীমন্দির কমিটি, পূর্বধলা, নেত্রকোণা।