ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সন্তোষ সাহা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ১ নম্বর পুলিশ ফাঁড়ির পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে ফাঁড়ির ইনচার্জ আলোচিত ইন্সপেক্টর মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত সন্তোষ সাহা ত্রিশাল উপজেলার ধলা এলাকার বাসিন্দা। তিনি বিসম্বর সাহার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ২০ বোতল দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ২০ লিটার এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এর আগে ময়মনসিংহের মালগুদাম এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায়ও আলোচনায় আসেন ইন্সপেক্টর মহিউদ্দিন আহমেদ।
পরপর মাদকবিরোধী সফল অভিযানের কারণে সচেতন মহলে প্রশংসিত হচ্ছেন ১ নম্বর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মহিউদ্দিন আহমেদ।