জেসমিন আক্তার মনি, রংপুর জেলা প্রতিনিধি:
রংপুরে কৃষক সেদুল ইসলাম বাচ্চু মিয়া হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত, সকল আসামিকে গ্রেপ্তার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার কুড়িগ্রাম ও লালমনিরহাট মহাসড়ক অবরোধ করার ফলে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, গত ১৯ অক্টোবর রংপুর নগরীর কলাবাগান এলাকার বাচ্চু মিয়া কুড়িগ্রামের উলিপুরে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে তাকে জবাই করে হত্যার পর গুম করার চেষ্টা করে বড় ভাই একাব্বর আলী, নাতি রায়হান কবির রাব্বি সহ পরিবারের সদস্যরা। এ ঘটনায় প্রতিবেশীরা তাদের আটক করে পুলিশে দিলে রাব্বিকে আসামি করে মামলার কার্যক্রম চালানো হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলাটি পুনঃ তদন্ত সহ সকল আসামিদের গ্রেপ্তারের দাবি জানালেও পুলিশ রহস্যজনক কারণে তা আমলে নেয়নি। উল্টো অভিযুক্তদের পক্ষ থেকে নানা ধরনের হুমকি-ধামকিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় দ্রুত গ্রেপ্তারকৃত রাব্বি মিয়াকে রিমান্ডে নিয়ে জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান পরিবারের সদস্যরা।