মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
“সাহিত্যের ছোঁয়া লাগুক হৃদঙ্গনে, নিজেকে গড়ি সুস্থ-সংস্কৃতির অনুশীলনে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে সাহিত্যচর্চা ও বইপাঠের প্রাণবন্ত আয়োজন।
আয়োজনে শিক্ষার্থীদের মাঝে সাহিত্যপাঠের প্রতি আগ্রহ সৃষ্টি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং সুস্থ সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজনের বিভিন্ন পর্বে শিক্ষার্থীরা বইপাঠ, আলোচনা ও নিজেদের ভাবনা তুলে ধরেন।
মাইশা ইসলাম তুবা-এর নেতৃত্বে আয়োজিত এ সাহিত্যচর্চার পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বইপাঠ ও আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার প্রতি নতুন আগ্রহ তৈরি হয়।
আলোচনা, পাঠ ও ভাবনার সুন্দর মুহূর্তগুলো শেষে প্রিয় শিক্ষার্থীদের সঙ্গে ক্যামেরাবন্দি করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এমন আয়োজন শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং সাহিত্য ও সুস্থ সংস্কৃতির চর্চায় আরও উৎসাহিত করবে।
আয়োজকরা বলেন, সাহিত্য মানুষের মননকে সমৃদ্ধ করে এবং সুস্থ সংস্কৃতির অনুশীলন একজন মানুষকে আলোকিত ও মানবিক করে তোলে। তাই শিক্ষার্থীদের মাঝে বইপাঠ ও সাহিত্যচর্চার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।