মোঃ আল আমিন, হোসেনপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হোসেনপুরের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
হোসেনপুরে দায়িত্ব পালনকালে আব্দুল্লাহ আল মামুন একজন দক্ষ, সৎ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। তাঁর দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা এবং জনগণের প্রতি ইতিবাচক মনোভাব হোসেনপুরবাসীর কাছে প্রশংসিত হয়েছিল।
স্থানীয় সাংবাদিকরা জানান, ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সবসময় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করেছেন এবং তথ্য আদান-প্রদানে ইতিবাচক ভূমিকা রেখেছেন। ফলে সাংবাদিক মহলেও তিনি একজন সাংবাদিকবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।
সংশ্লিষ্টরা মনে করেন, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবেই তিনি সিলেট জেলার মতো গুরুত্বপূর্ণ জেলার জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন। তাঁর এই পদায়নে হোসেনপুরবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।
শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, নতুন কর্মস্থলেও আব্দুল্লাহ আল মামুন দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সিলেট জেলার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন হোসেনপুরবাসী।