নিজস্ব প্রতিবেদক, খুলনা:
ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা থেকে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় প্রত্নতাত্ত্বিক যুগের নিদর্শন হিসেবে একটি প্রাচীন পাথরের বাটি উপহার দিয়েছেন চারুকলা ভর্তি কোচিংয়ের ১৭তম ব্যাচের শিক্ষার্থী চৈতি দাস।
গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে চৈতি দাস বাটিটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের হাতে তুলে দেন।
বাটিটি কীভাবে সংগ্রহ করা হয়েছে জানতে চাইলে চৈতি দাস জানান, খুলনা আর্ট একাডেমিতে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ভাবছিলেন, স্যারের ঐতিহ্য সংরক্ষণশালায় কী উপহার দেওয়া যায়। পূজার ছুটিতে দিদির বাড়িতে বেড়াতে গিয়ে তিনি দিদির শাশুড়ির কাছে জানতে চান, তাঁদের বাড়িতে পুরোনো দিনের কোনো সামগ্রী আছে কি না। তখন তিনি জানান, তাঁদের বাড়িতে একটি পাথরের বাটি ছিল, যেটিতে তাঁদের পূর্বপুরুষরা মাছ সংরক্ষণ করে রাখতেন। বাটিটি ভেঙে যাওয়ায় সেটি বাড়ির একটি বদ্ধ পুকুরে ফেলে রাখা হয়েছিল।
পরে চৈতি দাস সেই স্থান থেকে মাটি খুঁড়ে বাটিটি উদ্ধার করে সংগ্রহ করেন এবং খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালার জন্য নিয়ে আসেন।
বাটিটির মূল মালিক ও দাতা হলেন তৃপ্তি দাম। তাঁর ঠিকানা দশানী, সদর, বাগেরহাট। তাঁর পক্ষ থেকে চৈতি দাসের মাধ্যমে বাটিটি ঐতিহ্য সংরক্ষণশালায় উপহার হিসেবে প্রদান করা হয়।
বাটিটি গ্রহণ করে চিত্রশিল্পী মিলন বিশ্বাস চৈতি দাসকে আশীর্বাদ করে বলেন, তুমি যে উদ্দেশ্যে এসেছো সেই উদ্দেশ্য যেন তোমার সফল হয়। একই সঙ্গে তিনি চৈতির দিদির শাশুড়িকেও ধন্যবাদ জানান।
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালার কার্যক্রম ২০২২ সালে শুরু হয়। বর্তমানে এখানে ৩০০-এর বেশি ধরনের পুরোনো, ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় সামগ্রী সংরক্ষিত রয়েছে। এসব সামগ্রীর মাধ্যমে অতীতের মানুষের জীবনযাপন, ব্যবহার্য উপকরণ, সংস্কৃতি ও ইতিহাসের নানা স্মৃতি ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “পুরোনো সামগ্রী শুধু বস্তু নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একটি সময়, মানুষের জীবনযাপন ও অসংখ্য স্মৃতি। প্রতিটি পুরোনো নিদর্শন আমাদের অতীতকে জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। চৈতি দাসের এই উপহার আমাদের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগকে আরও সমৃদ্ধ করবে। বিশেষ করে একজন শিক্ষার্থীর মধ্যে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের এমন আগ্রহ সত্যিই প্রশংসনীয়।”